দৌলতপুরে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন, উপকৃত হবেন কৃষকরা

দৌলতপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় তালুক–হাপানিয়া খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কলিয়া ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ কবির জিন্নাহ। এতে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, খাল খনন ও পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে।

তিনি আরও বলেন, দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, তালুক–হাপানিয়া খাল পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। এতে স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষ উপকৃত হবেন।

কড়চা/ এস কে

Facebook Comments Box