কড়চা রিপোর্ট : মানবতার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শনিবার (১ নভেম্বর) মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এদিন এলাকাবাসীর বিপুল সাড়া মেলে—দুই সহস্রাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, ইএনটি (নাক-কান-গলা), ডেন্টাল, চর্ম ও যৌনরোগ (স্কিন অ্যান্ড ভিডি), চক্ষু এবং শিশু ও নবজাতক—মোট দশটি বিভাগে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন।
প্রতি বিভাগে দুই থেকে তিনজন সেবিকা চিকিৎসকদের সহায়তা করেন। এছাড়া ভলান্টিয়ার হিসেবে কাজ করেন হাসপাতালের প্রশাসন ও মার্কেটিং টিমের অর্ধ শতাধিক সদস্য। সহায়তায় ছিলেন জেলা ছাত্রদলের স্বেচ্ছাসেবক টিমও।
দুপুরে মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা আনুষ্ঠানিকভাবে এ স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. বোরহান উদ্দিন আহমেদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক, ডেন্টাল সার্জন ডা. কুদরত-ই-হাসান, সার্জারি বিশেষজ্ঞ এসিস্ট্যান্ট প্রফেসর ডা. জেসমিন আরেফিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে আফরোজা খানম বলেন,মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল একটি অলাভজনক প্রতিষ্ঠান। সেবার ব্রত নিয়েই এটি প্রতিষ্ঠা করা হয়েছে। মানিকগঞ্জবাসীর জন্য সারাজীবন স্বল্পমূল্যে সেবা দেওয়া হবে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে জেলার প্রতিটি এলাকায় এই ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে।
মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল করিম বলেন,মানুষের জন্য কাজ করাই প্রকৃত মানবতা। অসহায় মানুষের পাশে থেকে তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়াই আমাদের অঙ্গীকার।
তিনি জানান, পরবর্তীতে সেবা গ্রহণকারীদের হাসপাতালের সব চিকিৎসা সুবিধায় বিশেষ ছাড় দেওয়া হবে—পরীক্ষা-নিরীক্ষায় ৩০%, অপারেশনে ৩০% এবং বেড ভাড়ায়ও ছাড় থাকবে। দরিদ্র রোগীদের জন্য হাসপাতাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।
কড়চা/ এস এস
















