কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ সদর উপজেলায় একটি ঘর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—একরাম মোল্লা (৪০), তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাঁদের দেড় বছরের কন্যাশিশু অ্যালিজা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একরাম মোল্লা মানিকগঞ্জ সদর উপজেলার বারাহী জান্নাকান্দি গ্রামের নুর হক মেল্লার ছেলে। তিনি প্রবাসে ছিলেন এবং কিছুদিন আগে দেশে ফেরেন।
পুলিশের প্রাথমিক ধারণা, একরাম মোল্লা প্রথমে তাঁর স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যা করেন। পরে দেড় বছরের কন্যাশিশুকে শ্বাসরোধে হত্যার পর নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একরাম মোল্লার সঙ্গে পরিবারের সদস্যদের কোনো বিরোধ বা পারিবারিক কলহ ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
কড়চা/ এস কে
















