মানিকগঞ্জে বিউটি পার্লারের আড়ালে দেহব্যবসার অভিযোগ, তরুণী নির্যাতন ও চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা

প্রতীকী ছবি

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ জেলা শহরের একটি বিউটি পার্লারের আড়ালে দেহব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। একই সঙ্গে এক তরুণীকে সংঘবদ্ধভাবে নির্যাতন ও তার চুল কেটে দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম বান্দুটিয়া এলাকার এলজিইডি কার্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত ‘রাইসা বিউটি ঘর’ নামের একটি পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ করেন এক তরুণী। তিনি মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মামলায় অভিযুক্ত করা হয়েছে পার্লারের মালিক পশ্চিম বান্দুটিয়া গ্রামের রত্না ইয়াছমিন, তার ছেলে মো. তুষার রহমান (২৬), দেড়গ্রাম এলাকার তাজনীন আক্তার চাঁদনী (২৩), পশ্চিম সেওতা এলাকার রিফাত (২৫) ও রজ্জব (২৫), বাইচাইল গ্রামের জহিরুল ইসলাম টিপু (৪৫)সহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে।

এজাহারে ভুক্তভোগী তরুণী উল্লেখ করেন, তিনি ওই পার্লারে চাকরি করতেন। এই সুযোগে পার্লারের মালিক ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার চেষ্টা করে। গত ১১ মার্চ তার ছোট বোন ফাতেমা আক্তার (১৩) বেড়াতে এলে অভিযুক্তরা তাকে দেহব্যবসায় যুক্ত করার প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় গত শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তার বাসায় গিয়ে তাকে মারধর করে এবং পরে পার্লারে নিয়ে গিয়ে আটকে রাখে।

তিনি আরও অভিযোগ করেন, সেখানে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়, লোহার শিকল দিয়ে আটকে রাখা হয় এবং ওড়না দিয়ে হাত বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে পার্লারে ব্যবহৃত কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেওয়া হয় এবং মুখে কালো কালি লাগিয়ে অপমান করা হয়।

ভুক্তভোগীর দুই বন্ধু বিষয়টি জানতে পেরে মানিকগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় পার্লারের মালিক রত্না ইয়াছমিনসহ তিনজনকে আটক করা হয়। তবে অন্য অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কড়চা/ জেড এ বি

Facebook Comments Box