নির্বাচনের আগে জুলাই সনদের আইনি স্বীকৃতি জরুরি: চরমোনাই পীর

কড়চা রিপোর্ট : বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জুলাই সনদ আইনি স্বীকৃতি না পেলে আসন্ন জাতীয় নির্বাচন বৈধতা পাবে না।

তিনি বলেন, জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে আমাদের মতো জুলাই আন্দোলনের কর্মীরা আইনের দৃষ্টিতে সর্বোচ্চ শাস্তির মুখে পড়বে।

সোমবার সন্ধ্যায় (৩ নভেম্বর) মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেছে। কিন্তু বিএনপি নির্বাচনের দিন চায়, আগে নয়—এটা রাজনৈতিক কৌশল। নির্বাচনের আগে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, না হলে সরকারও বৈধতা পাবে না।

তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেক তরুণ চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। এটাই কি ছিল জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য?—প্রশ্ন রাখেন তিনি।

দুর্নীতি নিয়ে তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। কিন্তু রাষ্ট্র পরিচালনায় থাকা মহলগুলো একাধিকবার দুর্নীতিতে বিশ্বে শীর্ষে ছিল। সদ্য বিদায়ী সরকারের এক মন্ত্রীর বিদেশে শত শত বাড়ির খোঁজ পাওয়া গেছে, যার মূল্য হাজার কোটি টাকা। এসব অর্থ জনগণের পকেট থেকে লুট করে পাচার করা হয়েছে।

চরমোনাই পীর আরও বলেন, যারা বলেছিল হাসিনা পালাবে না, তারাই শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। এখন যারা বিদেশি তাবেদারি ও জুলুমের রাজনীতি চায়, তাদের প্রতিহত করতে হবে।

গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সংসদ সদস্য প্রার্থীতা প্রত্যাশী মাওলানা সামসুদ্দিন (মানিকগঞ্জ–৩), মোহাম্মদ আলী (মানিকগঞ্জ–২), মো. ফরিদুল ইসলাম (মানিকগঞ্জ–১) ও জেলা জামায়াতের আমীর কামরুল ইসলাম।

কড়চা/ এস এস

Facebook Comments Box