মানিকগঞ্জে হাসপাতালের তত্ত্বাবধায়কের অফিস থেকে ব্যাগ চুরি, পাঁচ কথিত সাংবাদিক গ্রেপ্তার

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের অফিস থেকে ব্যাগ চুরির ঘটনায় পাঁচ কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের সদর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দৈনিক ঢাকা পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার হারুন অর রশিদ, দৈনিক বিজনেস ফাইল-এর প্রতিনিধি বজলুর রহমান, গ্লোবাল ন্যাশন পত্রিকার প্রতিনিধি শামীম হোসেন এবং সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে গ্রেপ্তারকৃত পাঁচজনসহ নয়জন তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনের অফিসে প্রবেশ করেন। কিছুক্ষণ কথাবার্তার পর তারা অফিস ত্যাগ করেন। পরে দেখা যায়, তত্ত্বাবধায়কের ব্যবহৃত একটি ব্যাগ উধাও হয়েছে।

ব্যাগটিতে প্রায় ৪০ হাজার টাকা, বাসা ও অফিসের চাবি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা শার্ট পরা এক ব্যক্তি, যিনি পরবর্তীতে শামীম হোসেন হিসেবে শনাক্ত হন—তত্ত্বাবধায়কের ব্যাগ কাঁধে নিয়ে অফিস থেকে বের হয়ে যাচ্ছেন।

তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিন জানান, কথোপকথনের সময় মৌসুমী ও হারুন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড দেন। ঘটনার পর তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রথমে বিষয়টি দেখছেন বলে জানান। পরে আবার ফোন করলে তারা দাবি করেন, ব্যাগটি মুক্তিযোদ্ধা সংসদে রাখা আছে, লোক পাঠিয়ে নিয়ে যেতে পারেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন বলেন, চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কড়চা/ এস কে

Facebook Comments Box