কড়চা রিপোর্ট : মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়নের দাবিতে ডেরা রিসোর্ট বন্ধ ও এশিউর গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী ও তৌহিদী জনতা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে পাঁচটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—ডেরা রিসোর্টের কার্যক্রম বন্ধ করে কলকারখানা স্থাপন, দখলকৃত কবরস্থান উদ্ধারে গ্রামবাসীর জন্য উন্মুক্তকরণ, ভরাটকৃত সরকারি খাল পুনঃখনন করে জলাবদ্ধতা নিরসন, জমি হারানো ক্ষতিগ্রস্তদের জমি ফিরিয়ে দেওয়া এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
স্মারকলিপি প্রদানের সময় জেলা ইমাম পরিষদের সভাপতি সাঈদ নূর, জেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুজিবুর রহমান, ঘিওর উপজেলা পরিষদের ইমাম আলমগীর হোসেন, মুফতি হাসান মুহাম্মদ শরীফ, নবগ্রাম জামে মসজিদের ইমাম মুহামুদুল্লাহ আল মাহমুদ, ভুক্তভোগী আব্দুর রাজ্জাক, মোহাম্মদ লিটন মিয়াসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঘিওর উপজেলার বালিয়াখোরা ইউনিয়নে অবস্থিত ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারটি ২০২২ সালে প্রতিষ্ঠা করে এশিউর গ্রুপ।
কড়চা/ এসএস
















