হত্যা মামলায় গ্রেপ্তারকে ঘিরে উত্তেজনা, মানিকগঞ্জ সদর থানার সামনে বিক্ষোভ

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ সদর উপজেলায় যুবক সজিব হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পুটাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলিমের মুক্তির দাবিতে সদর থানা ঘেরাও ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার (১ জুন) সকালে থানার প্রধান ফটকের সামনে শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বিক্ষোভকারীরা থানার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, সাবেক ইউপি সদস্য আলিমকে পরিকল্পিতভাবে হত্যা মামলায় জড়ানো হয়েছে। তাই অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে সজিব হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনারও দাবি জানান তারা।

গ্রেপ্তার আলিম সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তার বাড়ি দক্ষিণ বালিয়াবিল গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার গভীর রাতে উত্তর পুটাইল এলাকায় তার মামা লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন সজিব। অভিযোগ রয়েছে, রাত আনুমানিক দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল ওই বাড়িতে হামলা চালায়। হামলার একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সজিব। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই রাজিব বাদী হয়ে রোববার মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন হিসেবে সোমবার ভোরে আলিমকে গ্রেপ্তার করে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ওসি বলেন, সজিব হত্যা মামলার তদন্তের স্বার্থে আলিম মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মুক্তির দাবিতে কিছু স্থানীয় বাসিন্দা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করলেও পরে তারা সেখান থেকে সরে যান।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কড়চা/ এস কে

Facebook Comments Box