কড়চা ডেস্ক : চীনের ইউনান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘Joint Meeting of Heads of Chinese Language Departments from Universities in Yunnan and South Asian Countries’-এ মূল বক্তব্য দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।
শুক্রবার চীনের কুনমিংয়ে ইউনান বিশ্ববিদ্যালয়ের সায়েন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রফেসর মামুনুর রশীদ “The Current Landscape of Chinese Language Education in Bangladesh and Prospects for China-Bangladesh University Cooperation” শীর্ষক বক্তৃতা দেন। এতে তিনি বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার বর্তমান পরিস্থিতি, এর ক্রমবর্ধমান গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ ও চীনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা, গবেষণা, ভাষা শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্বে প্রফেসর মামুনুর রশীদ Yunnan-South Asia Cooperation Group of University Chinese Program Directors-এর ফলক উন্মোচন করেন। এই গ্রুপের মাধ্যমে ইউনান ও দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চীনা ভাষা শিক্ষা এবং সংশ্লিষ্ট একাডেমিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় নেওয়া এক সিদ্ধান্ত অনুযায়ী, প্রফেসর মামুনুর রশীদ এবং রাবির অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিমকে দুই বছরের জন্য Yunnan-South Asia Cooperation Group of University Chinese Program Directors-এর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Convenor হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর ফলে ইউনান ও দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে রাবির কার্যকর একাডেমিক সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজকদের একটি স্মারক উপহার প্রদান করেন প্রফেসর মামুনুর রশীদ। এ সময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং চীন ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বন্ধুত্ব ও একাডেমিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।
কড়চা/ এস কে
















