
কড়চা রিপোর্ট : জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সন্মান) পরীক্ষায় সারাদেশের মধ্যে সেরা ফলাফল অর্জন করে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেয়েছেন মানিকগঞ্জের মেয়ে লালমাটিয়া সরকারি মহিলা কলেজের লাইব্রেরি এন্ড ইনফরমেশন সাইন্স বিভাগের সাবেক শিক্ষার্থী রিতু শিকদার মম। সিজিপিএ-৪ এর মধ্যে ৩.৮৭ পেয়ে তিনি এ সম্মাননার জন্য নির্বাচিত হন।
গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জনাব আ ন ম এহছানুল হক মিলন তার পিতা সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক সুব্রত কুমার শিকদারের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। এসময় তিনি শিক্ষামন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ছয় বছরের ফলাফলের ভিত্তিতে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে ২৫ শ’ কলেজের মধ্যে সেরা ফলাফল অর্জনকারী ৩৭ টি কলেজের ৫৭ জন শিক্ষার্থীকে এবার ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
রিতু শিকদার মম লালমাটিয়া সরকারি মহিলা কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে লাইব্রেরি এন্ড ইনফরমেশন সাইন্স বিভাগ থেকে স্নাতক (সন্মান) সম্পন্ন করেন। সম্প্রতি তিনি স্কলারশিপ পেয়ে ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ইংল্যান্ড কর্মরত আছেন।
মেয়ের পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে মম’র গর্বিত পিতা সুব্রত কুমার শিকদার বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পদক প্রদান অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি শিক্ষামন্ত্রী জনাব আ ন ম এহছানুল হক মিলন মহোদয়ের কাছ থেকে মেয়ের পক্ষে গর্বিত পিতা হিসেবে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পদক গ্রহণ করলাম যা আমার জীবনের সেরা প্রাপ্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ওর এই প্রাপ্তির জন্য স্কুল জীবনের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, কলেজ জীবনের শিক্ষক শিক্ষিকা মন্ডলী সহ সকল আত্মীয়স্বজন এবং পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পুরস্কার প্রপ্তির প্রতিক্রিয়ার রিতু শিকদার মম জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড (উপাচার্য পুরস্কার) পেয়ে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এটি একসময় আমার স্বপ্ন ছিল, আর আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আমার বাবা-মা, বন্ধুবান্ধব এবং যাঁরা আমার পুরো পথচলায় আমাকে সমর্থন, উৎসাহ ও বিশ্বাস জুগিয়েছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। এই অর্জন আমার কাছে সবসময়ই বিশেষ হয়ে থাকবে। পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে স্বপ্ন সত্যিই পূরণ হয়!
কড়চা/ এস কে















