দেবীর কপালে সিদুঁর দিতে গিয়ে আগুনে পুড়ে মারা গেল মানিকগঞ্জের গৃহবধূ

মলি রানী সাহা

কড়চা রিপোর্ট : বাসন্তী দেবীকে সিদুঁর পড়িয়ে ও সেলফি তুলতে গিয়ে আগুনে পুড়ে জীবন দিলো মানিকগঞ্জের গৃহবধূ মলি রানী সাহা (৪৬)। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত ১৮ এপ্রিল মানিকগঞ্জ শহরের কালীবাড়ী মন্দিরে বাসন্তী দেবীর কপালে সিঁদুর দিয়ে দেবীর সঙ্গে সেলফি তুলতে গিয়ে পাশে থাকা প্রদীপের আগুনে অগ্নিদগ্ধ হন মলি রানী।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ শহরের গংঙ্গাধর পট্টির বনগ্রাম এলাকার মৃত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন চন্দ্র সাহার মেয়ে ও অশোক সাহার স্ত্রী মলিরানী সাহা।

গত ১৮ এপ্রির বাসন্তী পূজার ছিলো দশমীর দিন। এই দিনে শহরের কালীবাড়ী মন্দিরে বাসন্তী দেবীর কপালে সিঁদুর দিয়ে দেবীর সঙ্গে সেলফি তুলতে ছিলেন তিনি। এ সময় পাশে থাকা প্রদীপের আগুন শাড়িতে লেগে দেহের ৩০ ভাগেরও বেশি পুড়ে যায় তার।

উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। প্রায় সপ্তাহ খানেক চিকিৎসা চলার পর শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় তিনি মারা যান। তার একটি মাত্র ছেলে ভারতে লেখাপড়া করে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনির্বান পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় প্রতিটি পূজাতেই প্রদীপ জ্বালানো হয়। হোক সেটা মোমবাতি বা মাটির প্রদীপ। আসলে সবাইকে সতর্ক থাকতে হয়। যারা একটু বেখেয়াল হয়ে যান তখনই দুর্ঘটনাগুলো ঘটে।

কড়চা/ এস কে

Facebook Comments Box