ধর্মীয় কটূক্তির অভিযোগে বাউল আবুল সরকার গ্রেপ্তার

কড়চা রিপোর্ট : মাদারীপুরে একটি গানের আসর থেকে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মীয় কটূক্তির অভিযোগে মানিকগঞ্জের ঘিওর থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে তাকে আটক করা হয়। আবুল সরকারের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নে।

বিষয়টি বৃহস্পতিবার বিকেলে নিশ্চিত করেন মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ঘিওর থানায় বাউল আবুল সরকারের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আজ ভোরে মাদারীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে মানিকগঞ্জে আনা হয়েছে।

ঘিওর থানার ওসি কোহিনুর মিয়া জানান, ঘিওর সদর ইউনিয়নের কুস্তা গ্রামের বাসিন্দা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারের পর আবুল সরকারকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হলে শুনানি শেষে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে বাউল শিল্পী আবুল সরকারের বিচারের দাবিতে সকালে মানিকগঞ্জ আদালত চত্বরে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রসংগত, গত ৪ নভেম্বর ঘিওর উপজেলার বানিয়াজুর ইউনিয়নের জাবরা বাজারে খালা পাগলির বার্ষিক ওরস ও মেলায় বিচার গানের আসরে আবুল সরকার ধর্মীয় কটূক্তি করেন— এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা তৈরি হয়।

কড়চা/ এস কে

Facebook Comments Box