কড়চা রিপোর্ট : মঙ্গলবার (৬ মে) মানিকগঞ্জে ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র কলেজে শুরু হয়েছে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। সকালে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ও পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
পরে দেবেন্দ্র কলেজের মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোসাঃ ইয়াসমিন খাতুন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফারজানা প্রিয়াংকা, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, এনপিআই এর পরিচালক ড. ফারুক হোসাইন, এনডিসি আহসানুল হক, জেলা আইসিটি কর্মকর্তা আহসানুল আল জান্নাত, মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শাহানুুর ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের তরুন প্রজন্মকে আবার পড়ার টেবিলে মনযোগী হতে হবে। তারাই পারে দেশ ও জাতিকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে। আর আমাদের সন্তানদের মেধাবি ও যোগ্য করে গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন খেলাধূলা, সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞান মেলা সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশ সুপার বলেন, সকল কাজেই এখন বিজ্ঞানের ছোঁয়া। তাই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে অবশ্যই আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান শিক্ষা অর্জন করতে হবে। আমাদের এ আয়োজনগুলো তারই অংশ।
কর্মসূচির মধ্যে রয়েছে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক সেমিনার, গণিত ক্যাম্প ও গণিত অলিম্পিয়াড।
প্রসংগত, জেলার শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি এবং গণিতভীতি দূর করার লক্ষ্যে গত রোববার জেলার ৭টি উপজেলায় গণিত ক্যাম্পের প্রাথমিক বাছাই পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়। এ পর্বে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের নিয়ে জেলা প্রশাসকের নির্দেশনায় এবং বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির সহায়তায় ৩ দিন ব্যাপী এই গণিত ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করা হয়। আগামী ৮ মে চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।পরবর্তীতে জাতীয় পর্যায়ের ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে।
উৎসব মুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
কড়চা/ এম এস আই
















