মানিকগঞ্জে মাধ্যমিক শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা

কড়চা রিপোর্ট : উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্তরের বালক শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার পুকুরে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। চারটি বিদ্যালয়ের ৪০ জন সাঁতারু এতে অংশ নেন। মুক্ত সাঁতার, বুক সাঁতার, শীত সাঁতার ও প্রজাপতি সাঁতার—এই চারটি ইভেন্টে শিক্ষার্থীরা ‘ক’ (ষষ্ঠ–অষ্টম শ্রেণি) ও ‘খ’ (নবম–দশম শ্রেণি) গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রতিযোগিতা শেষে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সাংবাদিক আব্দুল মোমিন, সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, মূলজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমান এবং নবারুণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস এম শরিফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাঁতার শুধু একটি খেলা নয়, এটি জীবনরক্ষাকারী দক্ষতা। প্রতিবছর দেশে অনেক মানুষ পানিতে ডুবে প্রাণ হারান—এই সংখ্যা কমাতে প্রতিটি শিশুর সাঁতার জানা জরুরি। তিনি জানান, খেলাধুলা ও শারীরিক চর্চাকে শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে আরও জোরদার করা হবে।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

কড়চা/ এস এস

Facebook Comments Box