কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে ঢাকা–আরিচা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। ঘটনার নয় ঘণ্টা পেরিয়ে গেলেও এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বা পুলিশ সুপার কেউই অবগত নন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এই সংক্ষিপ্ত মিছিল হয় বলে জানা গেছে। পরে মিছিলের এক মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়।
শিবালয় উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম জনি ও যুগ্ম আহ্বায়ক সাইমুন হাসান স্বাধীন মিছিলটির নেতৃত্ব দেন। এতে প্রায় ১৩ জন নেতাকর্মী অংশ নেন।
মিছিলের ব্যানারে লেখা ছিল— “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” এবং “হটাও ইউনুস, বাঁচাও দেশ— শেখ হাসিনার নির্দেশ।”
মিছিল চলাকালে আহ্বায়ক নাজমুল ইসলাম জনি বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আমরা আছি লাখো ভাই, শেখ হাসিনার ভয় নাই। মুজিব তোমার স্মরণে ভয় করিনা মরনে। লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই।
শিবালয় থানার ওসি কামাল হোসেনের সাথে বিকেল পৌনে পাঁচটায় ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে কিছু জানি না, আপনার মাধ্যমেই প্রথম শুনলাম। নিষিদ্ধ সংগঠন মিছিল করে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি ডিএসবি ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও কিছু জানেন না।
জেলা পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুনও এ সম্পর্কে কোনো তথ্য জানেন না বলে জানান।
এ ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন কচি বলেন, বিচ্ছিন্ন এলাকায় এমন ঘটনা ঘটলে না জানার বিষয়টি বোঝা যায়। কিন্তু মহাসড়কের মতো ব্যস্ত স্থানে দিবালোকে নিষিদ্ধ সংগঠনের মিছিল পুলিশের নজর এড়িয়ে যাওয়া উদ্বেগের বিষয়। নাগরিক নিরাপত্তা রক্ষায় পুলিশের সচেতনতা এখন অনেক কমে গেছে।
কড়চা/ এস এস
















