দৌলতপুরে ভাবি-ভাতিজা হত্যা: প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর ভাবি-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামি মো. ইউসুফ মোল্লা (৪২) এবং হত্যাকাণ্ডের সহযোগী পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মো. সুমন হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (৩ জুন) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ মে রাত ৮টা থেকে ১০টার মধ্যে পারিবারিক বিরোধের জেরে ইউসুফ মোল্লা তার বড় ভাইয়ের স্ত্রী আমেনা খাতুন (৩২) ও ১৫ মাস বয়সী ভাতিজা আসলাম হোসেন আসাদকে হাতুড়ি দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করেন। একই ঘটনায় বড় ভাই আব্দুস সালাম মোল্লা (৪৮)-কে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর নিহত আমেনা খাতুনের স্বজনদের অভিযোগের ভিত্তিতে ৩১ মে দৌলতপুর থানায় পেনাল কোডের ৩০২, ৩০৭ ও ৩২৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার জানান, মামলার গুরুত্ব বিবেচনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জুন রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগরের শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইউসুফ মোল্লা এবং সহযোগী পরিকল্পনাকারী সুমন হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ মোল্লা পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ড সংঘটনের কথা স্বীকার করেছেন বলে জানানো হয়। এছাড়া সুমন হোসেন হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি হাতুড়ি উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, মামলাটির দ্রুত তদন্ত ও বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

কড়চা/ এস কে

Facebook Comments Box